ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সেল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সিইসি বলেন, নির্বাচনী মাঠের বর্তমান পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। ভোটগ্রহণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই শক্তিশালী মনিটরিং সেল এই উপ-নির্বাচনেও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
পরিদর্শন শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে উপ-নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা।
তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে আজ ২৭ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
দৈনিক দুর্বার