বাংলাদেশের অর্থনীতির পুনরুত্থান ও সামগ্রিক বিকাশে চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করাকে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে বাংলাদেশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে সফররত চীনের কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি চীনের উন্নত প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে উৎপাদনে যুক্ত করা গেলে অর্থনৈতিক পুনরুত্থান ত্বরান্বিত হবে। ঐতিহাসিক সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ-চীন সম্পর্কের যে কূটনৈতিক যাত্রা শুরু হয়েছিল, পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে তা আরও সুদৃঢ় হয়েছে।
বাণিজ্য ঘাটতি ও নতুন অর্থনৈতিক করিডোর: জহির উদ্দিন স্বপন দুই দেশের মধ্যকার বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি কমানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বর্তমানে চীন থেকে বছরে প্রায় ২২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হলেও বাংলাদেশের রপ্তানি ১ বিলিয়ন ডলারের নিচে।
এই ঘাটতি কমাতে এবং বাংলাদেশি পণ্যের বাজার তৈরিতে চীনা পদক্ষেপের প্রশংসা করে তিনি জানান, চীনা সরকার বাংলাদেশি পণ্যে প্রায় শতভাগ শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পাশাপাশি ইউনান প্রদেশের কুনমিং শহরে বিনামূল্যে একটি প্রদর্শন কেন্দ্র ও বিশাল স্টোরেজ সুবিধা বরাদ্দ দিয়েছে। এছাড়াও কুনমিং থেকে মিয়ানমার হয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রস্তাবিত সড়ক যোগাযোগের নতুন অর্থনৈতিক করিডোর চালু হলে দুই দেশের বাণিজ্যে নতুন মাত্রা যুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির স্থায়ী সদস্য ঝাও জুনমিন। এছাড়াও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।
দৈনিক দুর্বার