আমার দেশ অনলাইন: প্রশাসনের মাঠপর্যায়ে বড় ধরনের রদবদল এনে দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) একযোগে প্রত্যাহার করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে নিজ নিজ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁদের সংযুক্ত করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডরা সাধারণত উপজেলা পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, নামজারি এবং সরকারি ভূমিসংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন।
প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
দৈনিক দুর্বার