যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রয়াত মার্কিন কোটিপতি জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক ও সরকারি পদের অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় ব্রিটেনের থেমস ভ্যালি পুলিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন দেশটির সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, অ্যান্ড্রু তাঁর গ্রেপ্তার এবং বাসভবনে তল্লাশি পরোয়ানা জারির আইনি বৈধতা চ্যালেঞ্জ করে যুক্তরাজ্যের হাইকোর্টে একটি বিচারিক পর্যালোচনার (Judicial Review) আবেদন করেছেন, যা বিচারক আমলে নিয়েছেন। এর ফলে তাঁর গ্রেপ্তারের পেছনের রুদ্ধদ্বার শুনানি সম্পর্কিত কিছু নথি প্রকাশের বিষয় বিবেচনা করছে আদালত।
উল্লেখ্য, যুক্তরাজ্যের বাণিজ্য দূত থাকাকালে (২০০১-২০১১) হংকং, ভিয়েতনাম ও আফগানিস্তান সংক্রান্ত গোপনীয় সরকারি ব্রিফিং এপস্টিনের কাছে পাঠানোর তথ্য ফাঁসের পর গত ফেব্রুয়ারিতে ৬৬তম জন্মদিনে নিজের খামারবাড়ি থেকে গ্রেপ্তার হন অ্যান্ড্রু। ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাঁকে ছেড়ে দিলেও তাঁর উইন্ডসরের রয়্যাল লজসহ অন্যান্য বাসভবনে তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি জব্দ করে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টিন ফাইলের মূল নথিপত্র দিতে বিলম্ব করলেও লন্ডনের হাইকোর্টে পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে অ্যান্ড্রুর এই পাল্টা আইনি চ্যালেঞ্জ মামলাটিকে নতুন মোড়ে দাঁড় করিয়েছে।
দৈনিক দুর্বার