দুর্গাপূজার মৌসুমে এবার পশ্চিমবঙ্গের বাজারগুলোতে মিলবে না বাংলাদেশের রূপালি পদ্মার ইলিশ। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বাংলাদেশে গত ৮ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হওয়া ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা এবং পূজার সময়সূচি একই সময়ে পড়ায় এবার ভারত ইলিশের চালান থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে।
পশ্চিমবঙ্গ মৎস্য আমদানিকারক সমিতির তথ্য অনুযায়ী, প্রথাগতভাবে উৎসবের মৌসুমে ৩,০০০ থেকে ৪,০০০ টন পদ্মার ইলিশ ভারতে পাঠানো হলেও নিষেধাজ্ঞার কারণে এ বছর কোনো চালান যাওয়া সম্ভব নয়।
রপ্তানি বন্ধের কারণ ও সার্বিক প্রেক্ষাপট:
নিষেধাজ্ঞার সময়কাল: বাংলাদেশে ইলিশের প্রজনন রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে মাছ ধরা, পরিবহন ও বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
উৎপাদন ও রপ্তানি হ্রাস: মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে ইলিশের উৎপাদন ৫ লাখ টনে নেমে এসেছে, যা পূর্বের চেয়ে ৫.৫ শতাংশ কম। ফলে অভ্যন্তরীণ চাহিদা বিবেচনা করে সরকার জুলাই থেকেই মাছ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে।
সীমান্তে কঠোরতা: সীমান্তে ইলিশ পাচার রোধে বিজিবি ও বিএসএফ যৌথভাবে নজরদারি বাড়িয়েছে।
পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা জানান, পদ্মার ইলিশ না পাওয়ায় দুর্গোৎসবে স্থানীয় দিঘা, ডায়মন্ড হারবার এবং মিয়ানমার ও গুজরাট থেকে আমদানিকৃত ইলিশ দিয়েই তাদের চাহিদা মেটাতে হবে।
দৈনিক দুর্বার