সিলেট, ২৪ জানুয়ারি ২০২৫: তরুণ জলবায়ু কর্মীদের সংগঠন ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ইউক্যান)-এর আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন জেলার তরুণ জলবায়ু কর্মীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি জনাব ইকরামুল কবির এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ইউক্যান)- ইউক্যান-এর সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাহিদ মজুমদার।
মোহাম্মদ মোশাহিদ মজুমদার তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তন আজ কেবল বৈজ্ঞানিক আলোচনার বিষয় নয়, এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা। তরুণ প্রজন্মকেই এর সমাধানের নেতৃত্ব দিতে হবে। আমি বিশ্বাস করি, ইউক্যান একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে তরুণদের জলবায়ু সমস্যা সমাধানে সক্রিয় করবে। পরিবেশ রক্ষায় আমাদের উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোগ প্রয়োজন। স্থানীয়ভাবে পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা একটি টেকসই ভবিষ্যৎ গড়তে পারব।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউক্যান-এর প্রধান নির্বাহী ও জাতিসংঘের যুব উপদেষ্টা যুধিষ্ঠির বিশ্বাস।
ইউক্যান-এর কো-অর্ডিনেটর পূর্ণিমা রানী বিশ্বাস তার বক্তব্যে তরুণদের নেতৃত্বে জলবায়ু সচেতনতা বৃদ্ধির প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
ইউক্যান-এর লক্ষ্য ও কার্যক্রম:
ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ইউক্যান) তরুণদের নেতৃত্বে পরিচালিত একটি প্ল্যাটফর্ম, যা জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, স্থানীয় সমস্যাগুলোর সমাধানে তরুণদের সম্পৃক্ত করা এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। সংগঠনটি সারা দেশে জলবায়ু শিক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখছে।
বক্তারা ইউক্যান-এর এই উদ্যোগকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে জলবায়ু সচেতনতা বৃদ্ধির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন এবং তরুণদের পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
দৈনিক দুর্বার