বিদেশি সতীর্থদের নিয়ে রিশাদের এসব মন্তব্য বিশেষ করে লুফে নেয় ভারতীয় সংবাদমাধ্যম। এরপর আরও দেশি-বিদেশি গণমাধ্যমেও তা ছড়িয়ে পড়ে। কিন্তু সেখানে বাড়িয়ে বলায় বিভ্রান্তি তৈরি হয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছেন রিশাদ। তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি আমার সম্প্রতি করা কিছু মন্তব্য নিয়ে গণমাধ্যমের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দুবাই বিমানবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে সেই মন্তব্য করেছিলাম। এটাতে পুরো প্রসঙ্গ উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে।’
প্রথমবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়েছিলেন বাংলাদেশের স্পিন-অলরাউন্ডার রিশাদ হোসেন। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে তারা দেশে ফেরেন আগেভাগেই। কঠিন সেই সময়ে আতঙ্কগ্রস্ত একাধিক বিদেশি ক্রিকেটারের অভিজ্ঞতা জানিয়েছিলেন রিশাদ। যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় তিনি ক্ষমা চেয়েছেন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে একটি বিবৃতি দিয়েছেন রিশাদ। যেখানে তিনি কয়েকজন বিদেশি ক্রিকেটারের কাছে ক্ষমা চাওয়ার কথা জানান। একইসঙ্গে তার মন্তব্য সংবাদমাধ্যমে অতিরঞ্জিত করে প্রচার হয়েছে বলেও অভিযোগ তোলেন এই টাইগার লেগস্পিনার।
এর আগে পিএসএল স্থগিত ঘোষণার পর পাকিস্তান থেকে আসার পথে দুবাইয়ের ট্রানজিটে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন রিশাদ। সেখানে তিনি বলেন, ‘স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসা, টম কারান…সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। দুবাইয়ে নামার পর মিচেল বললেন, তিনি আর কখনও পাকিস্তানে যাবেন না, বিশেষ করে এমন পরিস্থিতিতে।’ ইংল্যান্ডের টম কারানকে নিয়ে রিশাদ বলেন, ‘বিমান ধরার জন্য এয়ারপোর্টে গিয়ে তিনি (কারান) শুনতে পান বন্ধ হয়ে গেছে। যা শুনে ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করেন কারান। ওই সময় তাকে সামলাতে দু-তিনজন লোক লেগেছিল।’
আমি যেকোনো ভুল বোঝাবুঝির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ড্যারিল মিচেল এবং টম কারানকে নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করেছি। পাকিস্তান সুপার লিগ পুনরায় শুরু হলে আমার দলের সাথে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।