আর মাত্র ৬৯ রান দূরে দক্ষিণ আফ্রিকার বহু বছরের স্বপ্ন—একটি আইসিসি ট্রফি। আর তা হলে ইতিহাস বদলে বুক চিতিয়ে বলতে পারবে, ‘আমরাই বিশ্বচ্যাম্পিয়ন।’ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনেই ২১৩ রান তুলে ফেলেছে প্রোটিয়ারা। এইডেন মার্করাম ও টেম্বা বাভুমার অবিচ্ছিন্ন জুটিতেই মিলেছে আত্মবিশ্বাস, ঘুচতে বসেছে অপেক্ষার যন্ত্রণা।
কাগজে-কলমে এখনও বাকি আছে দুই দিন। তবে যে ম্যাচে আর মাত্র ৬৯ রান দূরে পরিসমাপ্তি, সেটি পঞ্চম দিনে গড়াবে—এটা ভাবাটাই যেন একটু অতিরঞ্জিত। যদিও ইংল্যান্ডের গ্রীষ্মে এমন অসম্ভবও নয়। মেঘ আর রোদের লুকোচুরি খেলায় যদি মেঘই জয়ী হয়, তাহলে চিত্রনাট্যে নাটকীয় মোড় নিতেই পারে।
না, দক্ষিণ আফ্রিকা এসব নেতিবাচক চিন্তায় যেতে চাইবে না। শুভ মুহূর্তে এমন অলুক্ষুণে ভাবনার জায়গা নেই। নিজেদের পক্ষে পরিস্থিতি মানসিকভাবে ইতিবাচক ভাবতেই পারবে প্রোটিয়ারা। দিন শেষে ৬৫ রানে অপরাজিত আছেন অধিনায়ক টেম্বা বাভুমা। অথচ ইনিংসের শুরুতেই, মাত্র ২ রানে থাকা অবস্থায় স্লিপে তার দেওয়া ক্যাচ ফেলে দিয়ে স্টিভ স্মিথ যেন ইংলিশ সামারের আকাশের চেয়েও কালো করে ফেলেছিলেন নিজের মুখ। কেন সেটা করেছিলেন, বাভুমা যেন বাকিটা দিন ব্যাট হাতে তার ব্যাখ্যাই দিলেন।
প্রথম ইনিংসে প্রয়োজনের চেয়েও যেন একটু বেশি ধীরগতির ছিল প্রোটিয়াদের ইনিংস। তবে দ্বিতীয় ইনিংসে আজ সেটা করেনি দলটা। বাভুমা ধৈর্য্যের প্রতিমূর্তি হয়েই ছিলেন, তবে বাজে বলকে অযথা শ্রদ্ধা দেখানোর বিনয় আজ দেখাননি। মার্করামও রান তুলেছেন প্রয়োজনীয় গতিতেই। যার সম্মিলিত ফলাফল অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে দেড়শ ছুঁইছুঁই রান, দুই সেশনে ২১৩ রান।
আল-আমিন সাঈফী