ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। আরও ১৪০ জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হন। উদ্ধারকারী দল আবাসিক ভবনের ধ্বংসাবশেষে টর্চলাইট ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান চালাচ্ছে।
রোববার তেহরান জানিয়েছে, ইসরায়েল ‘পারস্য উপসাগরে এই সংঘাত টেনে নিতে চায়’ — কারণ ইসরায়েল কাতারের সঙ্গে ইরানের যৌথ মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে, যার ফলে পাল্টাপাল্টি প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার আরেক দফা শুরু হয়েছে।
ইসরায়েল শুক্রবার ইরানের ওপর বিমান হামলা চালায়, যাতে ইরানের বেশ কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী নিহত হন এবং পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়। ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখার চেষ্টা করছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে, জানিয়েছে যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য।
ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের শীর্ষ পর্যায়কে নিশ্চিহ্ন করার একদিন পর, প্রথমবারের মতো ইরানের তেল ও গ্যাস শিল্পে হামলা চালায়। এর জবাবে ইরান কাতারের সঙ্গে যৌথভাবে ব্যবহৃত দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে উৎপাদন স্থগিত করে।
আল-আমিন সাঈফী