দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন ‘বসুন্ধরা শুভসংঘ’ জেলা শাখার আয়োজনে লক্ষ্মীপুরে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক বিরোধী শপথ করেছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৬ জুন) সকালে শহরের ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এ প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংগঠনটির সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শুভ সংঘের উপদেষ্টা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান। সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক কাজল কায়েশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ হাবিবুর রহমান সবুজ, লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আনিস কবির।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে, সুস্থ মানবিক সমাজ বিনির্মাণে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে নারীর ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করা, বাল্যবিবাহ ও মাদককে না বলাসহ মাদক মুক্ত দেশ গঠনে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ‘বসুন্ধরা শুভ সংঘ’-এর সামাজিক ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।
আল-আমিন সাঈফী