পরিচালক হিসেবে অভিষেক ঘটে ১৯২৫ সালে ‘দ্য প্লেজার গার্ডেন’ নামক চলচ্চিত্রের মাধ্যমে। এটি ছিল একটি নির্বাক চলচ্চিত্র। ১৯২৭ সালে মুক্তি পায় তার ‘দ্য লজার: আ স্টোরি অফ দ্য লন্ডন ফগ’ নামক মুভিটি। মূলত এই চলচ্চিত্রের মাধ্যমেই তিনি থ্রিলার জনরায় প্রবেশ করেন। ১৯২৯ সালে তার নির্মিত ‘ব্ল্যাকমেইল’ ছিল ব্রিটেনের প্রথম সবাক চলচ্চিত্র। ১৯৩৯ সালের মধ্যেই তিনি বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
পৃথিবীতে যেসব পরিচালকদের কাজ নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়, তাদের মধ্যে তিনি অন্যতম। চলচ্চিত্রের ক্ষেত্রে যে জনরা তার দ্বারা সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছে, সেটি হলো থ্রিলার। আক্ষরিকভাবে বলতে গেলে এই জনরা বর্তমানে যে আকৃতি লাভ করেছে, তাতে সবচেয়ে বেশি অবদান আলফ্রেড জোসেপ হিচককের।
ছয় দশকব্যাপী বিস্তৃত ক্যারিয়ারে পরিচালনা করেছেন ৫০টিরও বেশি চলচ্চিত্র। বোদ্ধারা তাকে ডাকে ‘মাস্টার অফ সাসপেন্স’ নামে। চলচ্চিত্র ক্ষেত্রে অবদানের জন্য অর্জন করেছেন ‘নাইট কমান্ডার অফ দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (কেবিই)’-এর সম্মাননা। তবে সিনেমাপ্রেমিদের অন্তরে তার জন্য যে শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে, তার তুলনা কোনো পুরস্কারের সাথেই করা সম্ভব না।
হিচককের নাম নিলে যেসব সিনেমার কথা চলচ্চিত্রপ্রেমিদের মনে ভেসে উঠবে, সেগুলো হলো ‘ডায়াল এম ফর মার্ডার’ (১৯৫৪), ‘ভার্টিগো’ (১৯৫৮), ‘নর্থ বাই নর্থওয়েস্ট’ (১৯৫৯), ‘সাইকো’ (১৯৬০)। এই মুভিগুলোই তার ক্যারিয়ারে ব্যবসায়িকভাবে সবচেয়ে সফল। এছাড়া, এগুলো তাকে অস্কারে এনে দেয় একের পর এক নমিনেশন। মূলত পঞ্চাশ ও ষাটের দশকই ছিলো তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময়।
আল-আমিন সাঈফী