আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইমরান মিয়া (সাদমান)।
মনোনয়ন দাখিলের পর এক সংবাদ সম্মেলনে ইমরান সাদমান বলেন,
“আমি শুধু একজন পদাধিকারী হিসেবে নয়, বরং আপনাদের বন্ধু ও সহপাঠী হিসেবে কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার।”
ইশতেহারে প্রধান প্রতিশ্রুতি
ইমরান সাদমান শিক্ষার্থীদের মতামত ও প্রত্যাশার ভিত্তিতে নিজের ইশতেহার সাজিয়েছেন। তাঁর প্রতিশ্রুতির মধ্যে উল্লেখযোগ্য হলো
১. বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ বৃদ্ধি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম চালু।
২. স্বল্প ও দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ সৃষ্টি।
৩. বিদেশি রাষ্ট্রদূত, অধ্যাপক ও বিশেষজ্ঞদের নিয়ে নিয়মিত আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালা আয়োজন।
৪. আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষার সাশ্রয়ী কোর্স চালুর উদ্যোগ।
৫. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে সাংস্কৃতিক ও একাডেমিক সম্পর্ক জোরদার।
৬. বৃত্তি, গবেষণা ও আন্তর্জাতিক কার্যক্রম সংক্রান্ত ডিজিটাল তথ্যভাণ্ডার ও হেল্পডেস্ক চালু।
৭. বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাঙ্কিং উন্নয়নে সহায়তা।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে উল্লেখ করে ইমরান মিয়া বলেন, বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। সেই কারণে শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।