হবিগঞ্জ প্রতিনিধি ॥
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ সদর শাখার সদস্য সচিব লাবিব ইসলাম আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৭ম World Invention Competition and Exhibition (WICE) 2025-এ Gold Medal (স্বর্ণপদক) অর্জন করেছেন।
লাবিব হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। জন্ম হবিগঞ্জ শহরে হলেও তার পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামে। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি তার গভীর আগ্রহ ছিল এবং বিভিন্ন প্রতিযোগিতা ও প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজের দক্ষতা বাড়িয়ে তুলেছেন।
দেশীয় পর্যায়ে ইতোমধ্যেই একাধিক পুরস্কার অর্জনের পর এবার আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক লাভ করায় হবিগঞ্জের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা নেমেছে।
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন,
“লাবিবের এই অর্জন আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এটি প্রমাণ করে, হবিগঞ্জের তরুণরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখতে সক্ষম।”
শিক্ষাবিদরা মনে করছেন, লাবিবের এই স্বর্ণপদক কেবল হবিগঞ্জ নয়, বরং পুরো বাংলাদেশের তরুণ সমাজকে বিজ্ঞানে আগ্রহী হতে উৎসাহিত করবে।
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মোশাহিদ মজুমদার-কে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।
তিনি বলেন, “যুবসমাজকে বিজ্ঞান ও উদ্ভাবনের পথে এগিয়ে নিতে মোশাহিদ মজুমদার যে ভূমিকা রাখছেন তা সত্যিই প্রশংসনীয়। হবিগঞ্জের তরুণদের বৈজ্ঞানিক চিন্তাধারা বিকাশে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”
জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, এ ক্লাবের কার্যক্রম আগামী দিনে জাতীয় পর্যায়েও তরুণ প্রজন্মকে নতুনভাবে অনুপ্রাণিত করবে এবং দেশকে বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ করতে অবদান রাখবে।
অভিনন্দন বার্তা পেয়ে মোহাম্মদ মোশাহিদ মজুমদার জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে হবিগঞ্জকে একটি উদ্ভাবনী জেলায় রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।
দৈনিক দুর্বার