নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের অর্থায়নের জন্য সরকার আরও একটি বিনিয়োগ সুকুক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সুকুকের মাধ্যমে জেলাগুলোর গ্রামীণ এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো, যেমন ২০টি উপজেলার সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন ও ঢাল রক্ষাকরণ এবং হাটবাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে।
বাংলাদেশ ব্যাংক গতকাল রবিবার (৩ নভেম্বর, ২০২৫) 'শরিয়াহ্ অ্যাডভাইজরি কমিটি'-এর প্রথম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ এতে সভাপতিত্ব করেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আলোচ্য প্রকল্পটির বিপরীতে ইজারা পদ্ধতিতে সাত বছর মেয়াদী ২ হাজার ৫০০ কোটি টাকার সুকুক ইস্যু করা হবে।
ডিসেম্বরে এই সুকুকটি ইস্যু করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে মোট ছয়টি সুকুক ইস্যু করেছে, যার মোট পরিমাণ ছিল ২৪ হাজার কোটি টাকা।
দৈনিক দুর্বার