দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালে হওয়া একটি বাণিজ্য চুক্তি মানা হয়নি, এমন অভিযোগ এনে এ ঘোষণা দিলেন তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
সোমবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত ওষুধ কিংবা গাড়িসহ বিভিন্ন পণ্যের ওপর বর্তমানে ১৫ শতাংশ হারে যে শুল্ক আছে সেটি বাড়ানো হবে। তবে দক্ষিণ কোরিয়ার দাবি, দেশটির বেশিরভাগ পণ্যের ওপর শুল্ক বাড়ানোর বিষয়ে কোনো রকমের আনুষ্ঠানিক নোটিশ পায়নি তারা। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে জরুরি আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
গত বছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তিতে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলারবিনিয়োগের অঙ্গীকার করে। চুক্তির একটি অংশ জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগ করার কথা ছিল। তবে পরের মাসে দুই দেশ একমত হয় যে, দক্ষিণ কোরিয়া চুক্তিটি অনুমোদনের প্রক্রিয়া শুরু করলে যুক্তরাষ্ট্র কিছু পণ্যের ওপর শুল্ক কমাবে। চুক্তিটি ২৬ নভেম্বর দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি জমা দেওয়া হয়। বর্তমানে তা পর্যালোচনায় রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, ফেব্রুয়ারিতে এটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।