নিজস্ব প্রতিবেদক:
বিতর্কের মুখে ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)’–এর পর্যবেক্ষক নিবন্ধন স্থগিতের ঘোষণা দিলেও, মাত্র একদিনের ব্যবধানে সংস্থাটিকে পর্যবেক্ষক কার্ড দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে দেশের বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক–এর স্বাক্ষরিত ওই চিঠিতে পর্যবেক্ষক কার্ড সংগ্রহের নিয়মকানুন এবং অনুমোদিত সংস্থার তালিকা সংযুক্ত করে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের নিবন্ধিত মোট ৮১টি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয়ভাবে ৪৭ হাজার ৪৫৭ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।
ইসি নির্দেশনায় রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়, অনুমোদিত তালিকার ভিত্তিতেই পর্যবেক্ষকদের পরিচয়পত্র (আইডি কার্ড) ও যানবাহনের স্টিকার ইস্যু করতে হবে।
তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, এই তালিকার আওতায় পড়ায় নিবন্ধন স্থগিত হওয়া সংস্থা ‘পাশা’কেও পর্যবেক্ষণের জন্য কার্ড ইস্যু করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে একদিকে নিবন্ধন স্থগিতের ঘোষণা, অন্যদিকে কার্ড ইস্যুর নির্দেশ—এই পরস্পরবিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা মনে করছেন, বিষয়টি দ্রুত পরিষ্কার না হলে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হতে পারে।
দৈনিক দুর্বার