ঢাকা | বঙ্গাব্দ

মাধবপুরে ভিজিএফের চাল চাইতে গিয়ে মারধরের শিকার ভুক্তভোগী, থানায় অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মো. সোহেল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. সোহেল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজাপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মির্জাপুর এলাকায় বসবাস করছেন। তিনি একজন নিম্ন আয়ের ও অসহায় ব্যক্তি।

অভিযোগে বলা হয়, আসন্ন ঈদ উপলক্ষে সরকারের পক্ষ থেকে বহরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। এ খবর পেয়ে গত বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে তিনি বহরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল নিতে যান।

এ সময় প্যানেল চেয়ারম্যান ফরিদ মিয়া, সোহেল মিয়া, আব্দুল মান্নান, কবির মিয়া ও সেলিম মিয়াসহ কয়েকজন তাকে চাল নেই বলে জানিয়ে অপমানজনক কথা বলেন। ভুক্তভোগী চাল পাওয়ার বিষয়ে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তাকে ধরে টেনে নিয়ে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মারধরের সময় তাকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

ঘটনার পর ভুক্তভোগী সোহেল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোর্শেদ খান জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স