ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা চলছে। গত সপ্তাহে এই যুদ্ধ চতুর্থ মাসে প্রবেশ করেছে।
শুক্রবার ধারণ করা সাক্ষাৎকারটির একটি অংশ প্রকাশ করেছে এনবিসি। পুরো সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার কথা আগামী রোববার। সাক্ষাৎকারটি নেন উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে ইরানের নেতারা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি, কারণ তারা ‘শক্তিশালী’ এবং ‘গর্বিত’। তবে শেষ পর্যন্ত তাদের চুক্তিতে আসা ছাড়া ‘আর কোনো উপায় নেই’।
‘এমন অনেক কিছু আছে যা তারা কখনো ভাবেনি যে তাদের করতে হবে, কিন্তু এখন তা করতে হবে। তাদের আর কোনো উপায় নেই-এবং এতে কিছুটা সময় লাগে।’
দুই দেশ এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যা কয়েক দফা বাড়ানো হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা চালানোয় উত্তেজনা আবারো বেড়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার কংগ্রেসের হাউস সদস্যদের জানান, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়ে গেছে।
তিনি আরও বলেন, সপ্তাহের শুরুতে চালানো হামলাগুলো ছিল ‘প্রতিরক্ষামূলক’, এবং এগুলো হরমুজ প্রণালির কাছে মার্কিন জাহাজে ইরানের হামলার প্রতিক্রিয়ায় করা হয়েছে।
রুবিও বলেন, ‘আমাদের বাহিনীকে সুরক্ষিত রাখতে আমরা শুধু ড্রোন নয়, যারা ড্রোন ছোড়ে তাদের ওপরও হামলা করি। এগুলো সম্পূর্ণ প্রতিরক্ষামূলক, তবে ইরানের কর্মকাণ্ডের জবাবে করা হয়েছে। তারা যদি জাহাজে গুলি না চালায়, আমরাও হামলা করি না- কিন্তু আমাদের প্রতিক্রিয়া জানাতেই হয়।’
চুনারুঘাট প্রতিনিধি