হবিগঞ্জে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর নিয়ে জেলা সংলাপ
তরুণদের অংশগ্রহণে ‘নবায়নযোগ্য জ্বালানি সবার জন্য’ শীর্ষক আয়োজনে স্থানীয় চ্যালেঞ্জ, উদ্ভাবন ও সম্ভাবনা নিয়ে আলোচনা
হবিগঞ্জ প্রতিনিধি | ১৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের জ্বালানি খাতে ন্যায্য, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের লক্ষ্যে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘নবায়নযোগ্য জ্বালানি সবার জন্য: হবিগঞ্জে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর নিয়ে জেলা সংলাপ’।
বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সংলাপে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তরুণ, সরকারি কর্মকর্তা, কমিউনিটি প্রতিনিধি, নারী, নাগরিক সমাজের প্রতিনিধি, গবেষক, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ইউক্যান—YOUCAN)-এর উদ্যোগে, দ্য আর্থ সোসাইটির ন্যাশনাল ইয়ুথ প্ল্যাটফর্ম ইয়ুথ ফর কেয়ার (Youth For CARE)-এর সহযোগিতায় এবং উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ-এর অংশীদারত্বে সংলাপটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউক্যানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূর-ই-হাফসা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন রকি জোসেফ হীরা, সহকারী পরিচালক (প্রোগ্রাম), দ্য আর্থ সোসাইটি। এছাড়া উপস্থিত ছিলেন এসডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত দাস, দ্য আর্থ সোসাইটির ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর নাশিয়া নাফিস এবং উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মোশাহিদ মজুমদার।
সংলাপে হবিগঞ্জের জ্বালানি প্রাপ্তি, সাশ্রয়ীতা ও নির্ভরযোগ্যতা, স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জলবায়ু সহনশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং তরুণ ও নারীদের জন্য সবুজ দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ নিয়ে আলোচনা হয়।
আলোচনায় স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব জ্বালানি চাহিদা ও অভিজ্ঞতাকে নীতি ও পরিকল্পনা প্রক্রিয়ায় আরও কার্যকরভাবে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিকেন্দ্রীভূত সৌরশক্তি, কমিউনিটি-ভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা, সবুজ দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হয়।
প্রধান অতিথি নূর-ই-হাফসা বলেন, জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে স্থানীয় বাস্তবতা, জনগণের অংশগ্রহণ এবং তরুণদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পর্যায়ে অংশীজনদের নিয়ে এ ধরনের সংলাপ স্থানীয় চাহিদা ও সম্ভাবনাকে সামনে এনে কার্যকর উদ্যোগ গ্রহণে সহায়তা করতে পারে।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে স্থানীয় পর্যায়ে যে কোনো গঠনমূলক ও বাস্তবসম্মত উদ্যোগে তাঁর পক্ষ থেকে সহযোগিতা ও সমর্থন থাকবে। তরুণ ও অন্যান্য অংশীজনদের সম্মিলিত উদ্যোগে হবিগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানি ও টেকসই উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি রকি জোসেফ হীরা বলেন, সংলাপে অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও দাবি তুলে ধরেছেন। নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা শুধু সৌরশক্তিতে সীমাবদ্ধ নয়; বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং পানিসম্পদকে কাজে লাগিয়ে টেকসই জ্বালানি উৎপাদনের সম্ভাবনাও অনুসন্ধান করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ব্যক্তি, কমিউনিটি ও বিভিন্ন সংগঠন ইতোমধ্যে যেসব উদ্যোগ গ্রহণ করছে, সেগুলোকে স্বীকৃতি ও উৎসাহ দেওয়া জরুরি। টেকসই পরিবর্তনের জন্য সরকার ও সমাজ—উভয়েরই ভূমিকা রয়েছে। যৌথ দায়িত্ব, উদ্ভাবন ও সম্মিলিত পদক্ষেপের মাধ্যমেই টেকসই ভবিষ্যৎ গড়ে উঠতে পারে।
এসডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত দাস হবিগঞ্জের স্থানীয় বাস্তবতা ও জনগোষ্ঠীর অভিজ্ঞতার আলোকে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, জ্বালানি রূপান্তরের পরিকল্পনায় স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দিতে হবে।
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে উদ্ভাবন ও বিজ্ঞানভিত্তিক সমাধানকে গুরুত্ব দিতে হবে। তরুণদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে স্থানীয় সমস্যার উপযোগী নবায়নযোগ্য জ্বালানি সমাধান তৈরি করা সম্ভব।
তিনি বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের সম্পৃক্ত করে ছোট পরিসরের প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও পরীক্ষামূলক সমাধানকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে দ্য আর্থ সোসাইটির ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর নাশিয়া নাফিস তরুণদের অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে যুব নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তরে অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।
সংলাপে অংশগ্রহণকারীরা হবিগঞ্জ জেলার জ্বালানি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করার পাশাপাশি কমিউনিটি-নির্ধারিত অগ্রাধিকার, স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান এবং বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
তরুণ ও নারীদের জন্য সবুজ দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে উদ্ভাবন ও স্থানীয় উদ্যোগকে উৎসাহিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
আয়োজক ইউক্যান জানায়, তরুণদের নেতৃত্বে স্থানীয় সংলাপ, কমিউনিটি সম্পৃক্ততা, নীতিগত অ্যাডভোকেসি, সবুজ দক্ষতা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে বাংলাদেশে ন্যায্য জ্বালানি রূপান্তর এগিয়ে নিতে তারা কাজ করছে।
সংলাপের আলোচনার ভিত্তিতে ‘হবিগঞ্জ জেলা সুপারিশনামা: ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তর’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
দৈনিক দুর্বার