চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ঘুষবিরোধী ফাঁদ অভিযান চালিয়ে সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে নগরীর কোর্টহিলে অবস্থিত পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর একটি টিম এ অভিযান পরিচালনা করে।
আটককৃত তিনজন হলেন—
আবদুস সোবহান (সাব-রেজিস্ট্রার, পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়)
ফারুক ইসলাম (হেড ক্লার্ক)
রূপন দাশ (উমেদার)
ঘটনার পটভূমি ও ফাঁদ অভিযান: দুদক সূত্রে জানা গেছে, এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র (পার্টনারশিপ ডিড) নিবন্ধনের জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে যান। দলিল দুটিতে প্রয়োজনীয় সকল কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম নিবন্ধন আটকে দেন এবং নিবন্ধনের বিনিময়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।
হয়রানির শিকার হয়ে ওই আইনজীবী দুদকের হটলাইন নম্বর ১০৬-এ ফোন করে বিষয়টি জানান এবং পরবর্তীতে চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপপরিচালক আল আমিনের নেতৃত্বে একটি 'ফাঁদ টিম' গঠিত হয়। পরিকল্পনা অনুযায়ী, ভুক্তভোগী আইনজীবী ঘুষের টাকা দিতে সাব-রেজিস্ট্রারের কক্ষে প্রবেশ করলে ওত পেতে থাকা দুদক কর্মকর্তারা ঘেরাও করে ঘুষের নগদ দুই লাখ টাকাসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক রিয়াজ উদ্দিন জানান, পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে পরিচালিত ফাঁদ অভিযানে ঘুষের টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে। দুর্নীতি দমন আইনে তাদের বিরুদ্ধে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক দুর্বার