ভারতের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে আন্তরিক অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার। বৈঠকে দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সংযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুর পাশাপাশি সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও দুপক্ষের মধ্যে মতামত বিনিময় হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও ভারত—উভয় দেশের জনগণের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি অর্জনে ভারতের সঙ্গে একটি সুসংহত, ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করে যেতে বাংলাদেশ সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
দৈনিক দুর্বার