ব্রাজিলের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পেছনে ফেলেছেন সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো।
রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে ফ্লাভিও বলসোনারো ৪৭ শতাংশ এবং লুলা দা সিলভা ৪৫ শতাংশ ভোট পেয়েছেন। নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি বৈধ ভোট না পাওয়ায় শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার (রান-অফ) নির্বাচন অনুষ্ঠিত হবে।
অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে জইর বলসোনারো ২০৩০ সাল পর্যন্ত নিষিদ্ধ হওয়ায় তাঁর পরিবারকে রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয় ৪৫ বছর বয়সী সিনেটর ফ্লাভিওকে। নির্বাচনে বলসোনারো পরিবারের অন্য সদস্যরাও বিপুল জয় পেয়েছেন:
মিশেল বলসোনারো: সাবেক প্রেসিডেন্টের স্ত্রী ব্রাসিলিয়া থেকে সর্বোচ্চ ভোট পেয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন।
কার্লোস ও জইর রেনান: বলসোনারোর দ্বিতীয় ছেলে কার্লোস সিনেটর এবং ছোট ছেলে জইর রেনান ও ভাই রেনাতো বলসোনারো ফেডারেল ডেপুটি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফলে বলসোনারোর লিবারেল পার্টি সিনেটের ৫৪টি আসনের মধ্যে ১৯টি আসন পেয়ে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ফ্লাভিও নির্বাচিত হলে কংগ্রেসে পরিবার ও নিজের দলের শক্ত অবস্থান কাজে লাগিয়ে কারাবন্দি বাবাকে সাধারণ ক্ষমা দেওয়ার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে সক্ষম হবেন বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক দুর্বার