স্টাফ রিপোর্টার, দৈনিক দুর্বার:
সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৭১ লক্ষ ৩৩ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মদ, গাঁজা, ফুচকা, আতশবাজি এবং কাভার্ড ভ্যান ও সিএনজিসহ দুই চোরাকারবারীকে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর সকাল ১১টায় ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার চন্ডিছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। কাভার্ড ভ্যানসহ জব্দকৃত মালামালের সিজার মূল্য ৬০ লক্ষ ১০ হাজার ৮০০ টাকা।

অপরদিকে, ১০ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে সিন্দুরখান বিওপির টহলদল শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকা ফুসকুড়িছড়া চা-বাগানে অভিযান চালিয়ে একটি সিএনজি তল্লাশি করে ২৩ বোতল ভারতীয় মদ ও ৫৬৫ পিস আতশবাজিসহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন—শ্রীমঙ্গলের লালটিলা গ্রামের কেসব চাষার ছেলে শ্রী জীবন চাষা (২৫) এবং সিন্দুরখান গ্রামের মৃত বুধরাম কয়েরীর ছেলে রাজন কয়েরী (৩৫)।
এছাড়া একই দিন সন্ধ্যায় ৫৫ বিজিবির অধীনস্থ চিমটিবিল ও সাতছড়ি বিওপির পৃথক টহলদল সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬ কেজি ভারতীয় গাঁজা এবং ২ বোতল ভারতীয় মদ জব্দ করে।
আটককৃত আসামী ও চোরাচালানী মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সীমান্তে কঠোর অবস্থান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ৫৫ বিজিবি।
দৈনিক দুর্বার