ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহ্যবাহী কচুয়া দরবার শরীফের তাপস সম্রাট হযরত সৈয়দ মিরাণ শাহ্ তাতারী (রহ.)-এর ১০৫তম ওরস শরীফের দানবাক্সে জমা হওয়া অর্থ ২০০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া মিরানীয়া দরবার শরীফ প্রাঙ্গণে এ অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভারতের উত্তর প্রদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও হযরত সৈয়দ মিরাণ শাহ্ তাতারী (রহ.)-এর প্রপৌত্র আল্লামা সৈয়দ মোহাম্মদ আমান শাহ মিয়া ক্বাদেরীর নির্দেশনায় দ্বিতীয় বারের মতো এই উদ্যোগ নেওয়া হয়। ওরস শরীফে ভক্ত-মুরিদান ও আশেকানদের দেওয়া অনুদান থেকে এই অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বক্তব্য:
সভাপতিত্ব ও উপস্থিতি: অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আল-ক্বাদেরী, পীরজাদা মাওলানা মুফতি মোস্তাক আহমদ ক্বাদেরী আল-ওয়ায়েসী, মুহাম্মদ বাশারুতুল্লাহ আল-ক্বাদেরী, মুহাম্মদ মাজহারুল করিম বাবু আল-ক্বাদেরী, ইউপি সদস্য মুহাম্মদ আব্দুল আহাদ, মুহাম্মদ জিয়াউল করিম সোহেল ও অধ্যক্ষ মাওলানা মনসুর আহমেদ প্রমুখ।
মানবিক উদ্যোগের বার্তা: বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করা সম্ভব। ওরস শরীফের অনুদান দরিদ্রদের মাঝে বিতরণের এই উদ্যোগ মানবসেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
দৈনিক দুর্বার