শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার একমাত্র প্রশিক্ষণার্থী হিসেবে এএফসি ‘সি’ (AFC C) কোচিং লাইসেন্স অর্জন করেছেন শামীমুর রহমান শামীম মেম্বার। গত ১১ অক্টোবর (রবিবার) সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেওয়া হয়। এ সাফল্যে শায়েস্তাগঞ্জসহ আশপাশের এলাকার ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীরা।
জানা গেছে, গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত কোচিং লাইসেন্স কোর্সের দ্বিতীয় সেশনের প্রশিক্ষণ সম্পন্ন করে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের আনুষ্ঠানিকভাবে এ সনদ দেওয়া হয়। এ কোর্সে শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে একমাত্র অংশগ্রহণকারী হিসেবে শামীম মেম্বার সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করে এএফসি ‘সি’ লাইসেন্স অর্জন করেন।
শামীম মেম্বার দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে যুক্ত। খেলোয়াড়ি জীবনে তিনি ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও হবিগঞ্জের বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেছেন। এ ছাড়া ভারতের বিভিন্ন রাজ্যেও ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে ফুটবলের উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরিতে কাজ করে যাচ্ছেন তিনি।.
২০১২ সালে তিনি কলিমনগর একাডেমি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে একাডেমির মাধ্যমে খেলোয়াড় তৈরির পাশাপাশি সুনামের সঙ্গে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছেন। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ও তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে তাঁর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমানে শামীম মেম্বার চুনারুঘাট উপজেলা একাডেমির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি হবিগঞ্জ জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্বে রয়েছেন তিনি।
গত ১১ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটর মাহবুবুর রহমান পলো, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ পিটার বাটলার এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
শামীম মেম্বারের এ অর্জনকে স্থানীয় ফুটবলের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন ক্রীড়াপ্রেমীরা। তাঁদের প্রত্যাশা, তাঁর প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে শায়েস্তাগঞ্জসহ হবিগঞ্জের তরুণ ফুটবলাররা আরও দক্ষ হয়ে উঠবেন এবং জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন।
দৈনিক দুর্বার