বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের কাছে দেশবাসীর খোঁজখবর জানতে চেয়েছেন লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার (১১ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তারা খালেদা জিয়াকে দেখতে পশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে গেলে খালেদা জিয়া তাদের দুজনের কাছে দেশবাসীর খোঁজখবর জানতে চান। পরে ক্লিনিক থেকে বের হয়ে গণমাধ্যমে সেই খবর জানান আব্বাস দম্পতি।
মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছর খালেদা জিয়া কোনো চিকিৎসা পাননি। আওয়ামী সরকারের আমলে তিনি এক পর্যায়ে খুব অসুস্থ হয়ে পড়েন। সে সময় শেখ হাসিনা খুব বাজে ভাষায় খালেদা জিয়া সম্পর্কে কথা বলতেন। তবে তিনি এখন ভালো আছেন। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমি আশা করছি, খুব দ্রুতই তিনি পুরোপুরি সেরে উঠবেন।
বিএনপির এ সিনিয়র নেতা আরও বলেন, বিশ্বের সেরা ডাক্তারের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার মানসিক অবস্থা বরাবরই ভালো ছিল, এখনো ভালো আছেন। তিনি অনেক শক্তিশালী আছেন। আমরা তার সঙ্গে রাজনৈতিক কোনো কথাবার্তা বলিনি। কেবলমাত্র স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করেছি। তবে তিনি আমাদের জিজ্ঞেস করেছেন- দেশের মানুষ কেমন আছে? দেশের বর্তমান অবস্থা কী? তা ছাড়া আমরা রাজনৈতিক কথাবার্তা বলে তাকে বিব্রত করতে চাইনি। কারণ তিনি এখন শারীরিকভাবে অসুস্থ, তার চিকিৎসা চলছে।