বন্ধ কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, কারখানা খুলে দেওয়ার দাবিতে এর আগে বিভিন্ন সময়ে কয়েক দফায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকেরা। সবশেষ গত ২১ ডিসেম্বর বিক্ষোভে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তারা আর কোনো বিক্ষোভ না করে শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দাবি আদায়ে গণসমাবেশের আয়োজন করে তারা।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শ্রমিকদের একটি পক্ষ চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিশৃঙ্খলার সৃষ্টি করে। একপর্যায়ে তারা সড়কে যানবাহন ভাঙচুর শুরু করে। এ সময়ে কিছু দুষ্কৃতিকারী একটি ট্রাক ও তিনটি বাসে অগ্নিসংযোগ করে।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারোব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ৪২ হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা কাজ করেন। শ্রমিকদের দাবি, কয়েক মাস ধরে বেতন পরিশোধ করা হচ্ছিল না, যার ফলে এই আন্দোলন শুরু হয়।
উল্লেখ্য, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬টি কারখানা পুনরায় খুলে দেয়ার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থা চালু করা, এলসি খুলে দেয়া ও তাদের বকেয়া বেতন পরিশোধ করতে দাবি জানান শ্রমিকরা।