মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে পরাজিত করে ঐতিহাসিক জয় অর্জন করেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটন। এর মাধ্যমে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর, অর্থাৎ ২০০৬ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটির গভর্নর পদে কোনো ডেমোক্র্যাট প্রার্থী বিজয়ী হলেন। একইসঙ্গে ওহাইও অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পেশায় চিকিৎসক অ্যামি অ্যাকটন।
বিদায়ী রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনের শাসনামলে অঙ্গরাজ্যের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা অ্যাকটনের জন্য এই জয় সহজ ছিল না। বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় তাঁর ভূমিকা নিয়ে নির্বাচনী প্রচারণায় তাকে বিভিন্ন রাজনৈতিক আক্রমণের মুখে পড়তে হয়। এছাড়া এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে প্রচারের ব্যয় ১০ কোটি ডলার ছাড়িয়ে যায়, যা অঙ্গরাজ্যের ইতিহাসে নজিরবিহীন। প্রচারাভিযানের শেষ পর্যায়ে অ্যাকটনের ব্যক্তিগত জীবন ও পরিবার নিয়ে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশ করে রামাস্বামীর শিবির, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছিল। নানা নাটকীয়তা ও রেকর্ড পরিমাণ ব্যয়ের এই নির্বাচনে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন অ্যামি অ্যাকটন।
miskat@dailydurbar.com